গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন তাদের চাচাতো ভাই।
আজ রোববার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসৌম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত মোজ্জাফর মিয়ার বড় ছেলে মহসিন মিয়া (৪০) ও তার ছোট ভাই ছেলে মাসুম (২৮)। আহত হয়েছেন ওই সহোদরের চাচাতো ভাই জুয়েল (২৮)।
তথ্যের সত্যতা নিশ্চিত করে তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সিরাজ উদ্দিন জানান, ঈদের আগে মহসিন মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। ট্যাংকের ভেতরে পানি দেওয়া ছিলো এবং সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খোলা হয়নি।
দুপুরে সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে জুয়েল ট্যাংকের ভেতরে নেমে আটকে পড়েন। জুয়েলকে উদ্ধার করতে গিয়ে আটকে পড়েন মাসুম, তাদের দু’জনকে উদ্ধার করতে গিয়ে মহসিন ট্যাংকের ভেতরে নামলে তিনিও আটকা পড়েন।
পরে স্থানীয়রা তাদের তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহসিন ও মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
পথে তাদের দু’জনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন